ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী কৈবল্যভূম আশ্রমে শুরু হয়েছে চারদিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৪৫তম বার্ষিক উৎসব। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ উৎসবে উপস্থিত রয়েছেন মোহস্ত মহারাজা শ্রীশ্রী কৈবল্যধাম শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, যা ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে। আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব চলবে।
উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় নারী-পুরুষসহ তিন শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।
আশ্রমের সভাপতি রঞ্জন চৌধুরী-এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ পি বি রায় সুপ্রিয় এবং আশ্রমের সাধারণ সম্পাদক ফনিভূষণ দেব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।
উৎসবের প্রথম দিনে বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ আলোচনা, গঙ্গা আবাহন, উৎসবাধিবাস, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং শ্রীশ্রী নামযজ্ঞের সূচনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে চারদিনব্যাপী এই উৎসব স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

