যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:
দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব পালনে স্থানভেদে কোনো দ্বিধা থাকা উচিত নয়। তিনি ডিসিদের উদ্দেশে বলেন, দেশের প্রয়োজনে যেখানেই দায়িত্ব দেওয়া হোক, সেখানে নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, সরকার কিংবা প্রশাসনের কোনো পদই স্থায়ী নয়—তাই জনগণের সেবাই হতে হবে মূল লক্ষ্য।

দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তবে জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, নির্বাচনী ইশতেহার ও ‘জুলাই সনদ’-এর প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং সন্ধ্যার পর বাজার ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান এবং পথে সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, কয়েকদিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মাঠ প্রশাসনের সমন্বয়, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রাখা হয়েছে।

সম্মেলনের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা ও করণীয় বিষয়ে মতবিনিময় হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *