ডেস্ক রিপোর্ট:
দেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলো পুনরায় চালু করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে শিল্প খাতের স্থবিরতা দূর করে উৎপাদন কার্যক্রম পুনরুজ্জীবিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বন্ধ মিলগুলোকে দ্রুত উৎপাদনের আওতায় ফিরিয়ে আনার পাশাপাশি খাতটির উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। জানা গেছে, বস্ত্র ও পাট শিল্পের পূর্বের অবস্থান পুনরুদ্ধার করতে সরকার বিশেষ উদ্যোগ নিতে চায়। এ ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত কল-কারখানাগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা কিংবা বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পরিচালনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী এ সময় বিদ্যমান প্রশাসনিক ও আইনি জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ দেন এবং কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল করতে পারলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে বিডার পক্ষ থেকে বন্ধ কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিল্প খাতে নতুন গতি সঞ্চার হবে।

