‘সূর্যাস্তের পরই আসল ফল দেখা যাবে’— সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান মমতার

‘সূর্যাস্তের পরই আসল ফল দেখা যাবে’— সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান মমতার

ডেস্ক রিপোর্ট:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজেপির এগিয়ে থাকার খবরের মধ্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, শুরুতে প্রকাশিত ফলাফল বিভ্রান্তিকর হতে পারে এবং চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

ভিডিও বার্তায় মমতা বলেন, প্রাথমিক কয়েক দফার গণনায় একপেশে চিত্র দেখানো হচ্ছে, যা বাস্তব পরিস্থিতির পুরো প্রতিফলন নয়। তিনি কর্মী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বলেন, মনোবল না হারিয়ে গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার জন্য।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রাথমিকভাবে বিজেপি উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে এবং সরকার গঠনের সম্ভাবনার আলোচনা চলছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারণাকে নাকচ করে বলেন, ভোট গণনা বহু দফায় সম্পন্ন হয় এবং শেষ পর্যায়ে ফলাফল ভিন্ন হতে পারে। তাঁর ভাষায়, সূর্যাস্তের পরেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

কলকাতার ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিভিন্ন দফার গণনায় কখনো একজন, কখনো অন্যজন এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে, যা প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলেছে।

মমতা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় প্রভাবের মাধ্যমে তাঁর দলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে ভোট গণনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের ফল এখন দৃশ্যমান।

চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *