ওয়ান নিউজ ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরতে শুরু করায় এখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্ট সময়ের জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীকে মাঠে রাখা হবে না। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে আবারও কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সেনাসদস্যদের ব্যারাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।
চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক কারবারি, অস্ত্রধারী, জুয়াড়িসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়।” সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতেই অভিযান পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, কোথাও যৌথ বাহিনীর মাধ্যমে আবার কোথাও পৃথকভাবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এসব অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

