ওয়ান নিউজ ডেস্ক:
আজ ২৫ বৈশাখ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের এই মহান স্রষ্টাকে।
১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর চতুর্দশ সন্তান ছিলেন তিনি। শৈশব থেকেই সাহিত্য, সংগীত ও শিল্পচর্চার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলেন রবীন্দ্রনাথ।
বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে মর্যাদার আসনে পৌঁছে দেন তিনি। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি এনে দেন বিশ্বকবি।
কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ— সাহিত্যের প্রায় সব শাখাতেই ছিল তার অসাধারণ অবদান। শুধু সাহিত্য নয়, শিক্ষা, দর্শন, মানবতা ও সংস্কৃতির ক্ষেত্রেও তিনি রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত।
বিশেষজ্ঞদের মতে, রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি বাঙালির চেতনা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তার সৃষ্টি আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা পাঠ ও রবীন্দ্রসংগীতের আয়োজন করা হয়েছে।

