রাজারবাগে শুরু পুলিশ সপ্তাহ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজারবাগে শুরু পুলিশ সপ্তাহ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রোববার (১০ মে) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।

সকালেই রাজারবাগ পুলিশ লাইন্সে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধানমন্ত্রী খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন এবং বিভিন্ন ইউনিটের সদস্যদের অভিবাদন গ্রহণ করেন। পুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর অবদানের বিষয়েও আলোচনা করা হয়।

এবারের প্যারেডে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন বিভিন্ন আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *