মেয়েকে হারিয়ে ভেঙে পড়া কায়সার হামিদ: ‘কারিনার জন্য সবাই দোয়া করবেন’

মেয়েকে হারিয়ে ভেঙে পড়া কায়সার হামিদ: ‘কারিনার জন্য সবাই দোয়া করবেন’

আবেগঘন বার্তায় দেশবাসীর কাছে ক্ষমা ও দোয়া চাইলেন সাবেক ফুটবল তারকা

ওয়ান নিউজ ডেস্ক:
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, ভক্ত ও শোবিজ অঙ্গনে। মেয়েকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। একইসঙ্গে মেয়ের কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ।

ফেসবুকে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, তার আদরের মেয়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। কারিনার কোনো ভুলত্রুটি বা অনিচ্ছাকৃত আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে মেয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসা শুরু হয় কারিনার। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে ‘হেপাটাইটিস এ’ ও ‘হেপাটাইটিস ই’-তে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। আগে থেকেই লিভারজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় কারিনাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। কায়সার হামিদ জানান, চিকিৎসার একপর্যায়ে কারিনার রক্তচাপ হঠাৎ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজনশীল ভিডিও কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *