সরকারকে গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, স্থানীয় নির্বাচন নিয়েও শঙ্কা
ওয়ান নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী বা বর্তমান সরকারের কেউ কখনো তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি।
শুক্রবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার জনগণের মতামত ও গণভোটের ফলাফলকে যথাযথ গুরুত্ব দেয়নি। তার দাবি, দেশের বিপুলসংখ্যক মানুষ যে প্রত্যাশা প্রকাশ করেছিল, তা বাস্তবায়নের পরিবর্তে সরকার উল্টো অনেক সিদ্ধান্ত একতরফাভাবে নিয়েছে।
তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধীদল হিসেবে তারা জনগণের পক্ষে কথা বলার দায়িত্ব পালন করছেন। সরকার ভালো কাজ করলে সহযোগিতা করা হবে, তবে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব পরিবর্তন এবং প্রশাসনে বিভিন্ন নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার মতে, গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলে প্রশাসনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয় সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি উপনির্বাচনের অভিজ্ঞতা দেখে সুষ্ঠু ভোট নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তবে জামায়াত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং সব নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি।
পদ্মা ব্যারাজ প্রকল্পকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। তবে একইসঙ্গে তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে বলে মত দেন তিনি।
এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

