ওয়ান নিউজ ডেস্ক | ঢাকা
দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যেই টার্মিনালটি চালু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বহুপাক্ষিক সমন্বয় ও পরিকল্পনার মাধ্যমে দ্রুত টার্মিনাল চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়সীমা সামনে রেখে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন টার্মিনাল চালু হলে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে।
সংবাদ সম্মেলনে বিমানবন্দরের ডিজিটাল অবকাঠামোর বিষয়েও তথ্য তুলে ধরা হয়। মন্ত্রী জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।
এই নেটওয়ার্কের আওতায় টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। ফলে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক যাত্রীসেবা, কার্গো ব্যবস্থাপনা এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থায় নতুন গতি আসবে।

