নবাগত এসপি মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বই উপহার দিল জামায়াত নেতারা

নবাগত এসপি মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বই উপহার দিল জামায়াত নেতারা

ওয়ান নিউজ ডেস্ক

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং দমন এবং অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে জামায়াত নেতারা এসপি মাসুদ আলমকে কয়েকটি ইসলামিক বই উপহার দেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

আলোচনায় জামায়াত নেতারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সামাজিক শান্তি ও নাগরিক অধিকার রক্ষায় দলটির অবস্থানের কথা তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড, কিশোর গ্যাং এবং অপরাধপ্রবণ চক্রের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া ও পটিয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জামায়াত নেতারা অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, দায়িত্ব পালনে তিনি সব মহলের সহযোগিতা প্রত্যাশা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রামকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ নগরীতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ৭ মে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাসুদ আলম। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *