প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, আলোচনায় তিস্তা প্রকল্প

প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, আলোচনায় তিস্তা প্রকল্প

ওয়ান নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। সম্ভাব্য এই সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত ও ভুটানের আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরের জন্য চীনকে বেছে নিতে পারেন। এ সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা প্রধান বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন সরকার পানি ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছে এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের বিষয়ে চীনের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী চীন সফর করবেন। তবে এই সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা আঞ্চলিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের মধ্যে আগ্রহ ও প্রতিযোগিতা রয়েছে।

এর আগে ভারতও তিস্তা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দিয়েছিল। তবে নতুন সরকার সেই প্রস্তাব নিয়ে কী অবস্থানে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে নতুন সরকারের কূটনৈতিক পদক্ষেপ ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার কৌশল এখন পর্যবেক্ষকদের নজরে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *