সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির আইন বহাল, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির আইন বহাল, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

ওয়ান নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই সাথে আগামী ১৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সাংঘর্ষিক ঘোষণা করে তা বাতিল করেন এবং তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। গত ৭ এপ্রিল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর, গত ২১ মে রাষ্ট্রপক্ষ সেটি বাতিল চেয়ে আপিল বিভাগ অব্দি পৌঁছায়। অন্যদিকে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার পক্ষে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম পৃথক আবেদন করেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষ ও অন্যান্যদের করা সবগুলো আপিলের ওপর যৌথ শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের চূড়ান্ত আদেশ দেন।

উল্লেখ্য, গত বছর হাইকোর্টের রায়ের পর ৩০ নভেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এবং ১১ ডিসেম্বর এই সচিবালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর এক বড় রাজনৈতিক ও আইনি রদবদল ঘটে। বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও গত ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করার মাধ্যমে এই স্বাধীন সচিবালয়টি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন এই রহিতকরণ আইনের ফলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের বাজেট, প্রকল্প ও পদসমূহ সরকারের আইন ও বিচার বিভাগের অধীনে ন্যস্ত হয়, যার ধারাবাহিকতায় গত ১৯ মে বিলুপ্ত সচিবালয়ের ১৫ জন বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে অফিস আদেশও জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *