বরিশাল-লালমনিরহাটে ইপিজেড এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ার সিদ্ধান্ত সরকারের

বরিশাল-লালমনিরহাটে ইপিজেড এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ার সিদ্ধান্ত সরকারের

অর্থনীতি ডেস্ক: দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, দ্রুত রপ্তানি সম্প্রসারণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল ও লালমনিরহাটে নতুন দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে তিনটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মেগা সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাঠ পর্যায়ের প্রশাসকদের দেওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাব যাচাই-বাছাই শেষে এই বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট এই সিদ্ধান্তগুলো স্বল্প (১ বছর), মধ্য (৩ বছর) এবং দীর্ঘ (৫ বছর) মেয়াদি পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা হবে, যার অগ্রগতি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন আকারে পাঠাতে হবে। বর্তমানে দেশে বেপজার অধীনে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, আদমজী ও উত্তরাসহ ৮টি সরকারি ইপিজেড চালু রয়েছে। নতুন পরিকল্পনায় গাজীপুরে পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ ও কৃষিজমি রক্ষা, বরিশালে পদ্মা সেতু ও পায়রা বন্দরের নিকটবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, বরগুনায় আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত কেন্দ্র ও সামুদ্রিক সম্পদ প্রক্রিয়াজাতকরণ, পিরোজপুরে উন্নত নৌ ও সড়ক যোগাযোগ সুবিধা ব্যবহার করে মৎস্য ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দর ও রেলওয়ের লজিস্টিকস ব্যবহার করে দারিদ্র্য বিমোচনের বিশাল সম্ভাবনা তৈরি হবে। এদিকে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, বিনিয়োগবান্ধব পরিবেশের জন্য নতুন ‘রপ্তানি নীতি’ হালনাগাদ করা হয়েছে এবং ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ হালনাগাদের কাজ চলছে; এছাড়া প্রাতিষ্ঠানিক আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা কমাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পিপিপিএ এবং হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে একীভূত করার মতো বড় ধরনের কাঠামোগত সংস্কারের যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *