ওয়ান নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি ডলারের ফুটবল বিশ্বকাপের জমকালো আয়োজনের বিপরীতে পৃথিবীর বুকে ধুঁকে ধুঁকে বাঁচা ক্ষুধার্ত মানুষদের অন্নসংস্থানের দাবিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও গবেষক শায়খ আহমাদুল্লাহ। আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন ও চিন্তাশীল পোস্টে তিনি বৈশ্বিক এই বৈষম্যের তীব্র সমালোচনা করে বিশ্বনেতাদের বিবেককে নাড়া দেন। শায়খ আহমাদুল্লাহ তাঁর পোস্টে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সাবেক প্রধান ডেভিড বিসলির একটি পরিসংখ্যানের বরাতে বিশ্ব ব্যয়ের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন; যেখানে তিনি উল্লেখ করেন, ২০২২ সালে কাতার বিশ্বকাপের পেছনে বিশ্ব যেখানে রেকর্ড ২২০ বিলিয়ন ডলার খরচ করেছে, অথচ মাত্র ৪০ বিলিয়ন ডলার পেলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ অভুক্ত মানুষের মুখে অনায়াসে খাবার তুলে দেওয়া সম্ভব। বৈশ্বিক এই কৃত্রিম সংকট ও আধুনিক সমাজের খেলাধুলা কেন্দ্রিক সম্মিলিত উন্মাদনাকে এক হাত নিয়ে এই বক্তা চরম ক্ষোভের সাথে লেখেন—একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, অন্যদিকে একটি সাময়িক অনর্থক বিনোদনের পেছনে গোটা পৃথিবী অন্ধের মতো মেতে উঠেছে, যা প্রমাণ করে আধুনিক সমাজ মনুষ্যত্বের মর্যাদা অনেক আগেই বিসর্জন দিয়েছে; ফলস্বরূপ পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ জয়জয়কার চলছে।

