ওয়ান নিউজ ডেস্ক: চাকরি দেওয়ার নামে অনলাইন অ্যাপে অর্থ বিনিয়োগ করিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দেশের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নতুন করে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৫ জুন) দুপুরে কারাগার থেকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আবেদনটি মঞ্জুর করেন এবং আইনি প্রক্রিয়া শেষে আফ্রিদিকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার নথি থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতির সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্র যোগাযোগ করে এবং আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখায়। চক্রটি প্রথমে অল্প টাকা বিনিয়োগ করিয়ে কিছু লভ্যাংশ ফেরত দিয়ে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করে এবং পরবর্তীতে ধাপে ধাপে বড় অঙ্কের পুঁজি খাটানোর চাপ দেয়। একপর্যায়ে মুনাফাসহ আসল টাকা ফেরত দেওয়ার নামে ওই নারীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় তারা। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি জালিয়াতির মামলা দায়ের করেছিলেন, যার তদন্তে এই কনটেন্ট ক্রিয়েটরের সম্পৃক্ততা পায় পুলিশ। উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক প্রথমবার গ্রেফতার হওয়ার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় কারাগারে বন্দি রয়েছেন তৌহিদ আফ্রিদি।

