আখ চুরির অপরাধে বাংলাদেশে আটক ভারতীয়কে পুলিশের হাতে দিল বিজিবি

আখ চুরির অপরাধে বাংলাদেশে আটক ভারতীয়কে পুলিশের হাতে দিল বিজিবি

ওয়ান নিউজ ডেস্ক: পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন পুলিশে হস্তান্তর করেছে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধিবাসী দীপঙ্কর গত শনিবার সকালে সীমান্তের আখ খেতে আখ চুরি করতে ঢুকে স্থানীয় গ্রামবাসীদের দ্বারা আটক হয়। স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার শর্ত হিসেবে গত বুধবার ওই সীমান্ত থেকেই বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবি তোলেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয়কে বিজিবির কাছে সোপর্দ করে। পরবর্তীতে রোববার বিকেলে মাগুরমারী সীমান্তে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠকের পর বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বৈঠকে বিএসএফ জানায়, বাংলাদেশি বৃদ্ধকে কাঁটাতারের বেড়া কাটার অপরাধে তারা আদালতে সোপর্দ করেছে, যার প্রতিবাদ করে বিজিবি। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানিয়েছেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *