ওয়ান নিউজ ডেস্ক: ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের একত্রিত করে খিচুড়ি রান্নার মাধ্যমে গোপন তৎপরতা চালানোর অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন ও তাঁর ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কুচিয়ামোড়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ এলাকার পাশ থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি পবন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন দীর্ঘদিন ধরেই গোপনে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এবং দল বেঁধে খিচুড়ি রান্না করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানিয়েছেন, এই দুই ভাইয়ের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা সেখানে জড়ো হয়ে রান্নাবান্নার কাজ করছিল। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নিষিদ্ধ সংগঠনের এই দুই সক্রিয় নেতাকে আটক করা হয়েছে এবং পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

