জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব, নিরাপদ বিশ্ব গড়ার উদাত্ত আহ্বান

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব, নিরাপদ বিশ্ব গড়ার উদাত্ত আহ্বান

ওয়ান নিউজ ডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বৈশ্বিক উষ্ণায়ন সীমিত রাখা ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করাসহ বিশ্বনেতাদের প্রতি সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই আহ্বান জানান। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে শতাব্দীর শেষ নাগাদ দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা তলিয়ে গিয়ে কোটি মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তা চরম হুমকিতে পড়বে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি জিডিপির প্রায় ১ শতাংশ হওয়ায় চলতি বাজেটে অভিযোজন খাতে ৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার বরাদ্দের পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন এবং ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মতো সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া এককভাবে এই বিপুল ঝুঁকি মোকাবিলা অসম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী প্যারিস চুক্তির আলোকে বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন, জলবায়ু-স্মার্ট প্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি এবং ‘ক্ষয়ক্ষতি ও লোকসান’ বা লস অ্যান্ড ড্যামেজ তহবিলের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব পেশ করেন; উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *