বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে ফলপ্রসূ আলোচনা, বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্টি: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে ফলপ্রসূ আলোচনা, বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্টি: অর্থমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে সংস্থা দুটির সাথে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন ও সংস্কারমূলক কাজের আলোচনা বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, পূর্ববর্তী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মাঝেও বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, তাতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। গত কয়েকদিনের ধারাবাহিক তথ্য আদান-প্রদান শেষে এদিনের বৈঠকে মূলত ব্যাংকিং খাতের পুনর্মূলধনীকরণ, কর ও জিডিপির অনুপাত এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিভিন্ন ইস্যুতে সংস্থাগুলোর নিজস্ব পর্যবেক্ষণ বা শর্ত নিয়ে মতপার্থক্য থাকাটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়; তবে ইতিমধ্যে অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং বাকিগুলো নিয়ে আগামী কয়েক মাস পারস্পরিক আলোচনা অব্যাহত থাকবে। সরকারের নির্বাচনী ইশতেহার ও নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক, আইএমএফসহ অন্যান্য বহুপাক্ষিক সংস্থাগুলোর সাথে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য অর্থনৈতিক কৌশল রয়েছে বলেই নতুন কর্মসূচির এই আলোচনা সফলতার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *