দীর্ঘ ২০ বছরের বঞ্চনার অবসান: বগুড়ার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প

দীর্ঘ ২০ বছরের বঞ্চনার অবসান: বগুড়ার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প

ওয়ান নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশকের উন্নয়ন বৈষম্যের অবসান ঘটিয়ে উত্তরের জেলা বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক, শিল্প ও যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইন মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি জানান, জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ এবং একটি বহুমুখী বিমানবন্দর স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে; এর পাশাপাশি শহরের যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনে করতোয়া নদীর তীর ঘেঁষে চার লেনের সড়কসহ মহাসড়কগুলো প্রশস্ত করার প্রাথমিক কাজের জন্য ইতোমধ্যে ৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অবকাঠামোগত বিশাল বরাদ্দের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়ায় প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পাশাপাশি নবগঠিত সিটি কর্পোরেশনের জন্য ১ হাজার ৯৯৪ কোটি, ১৩টি উপজেলার টেকসই উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি এবং পৌরসভাগুলোর জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া বগুড়া ওয়াসা ও উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পাশাপাশি দ্রুতই বিসিক শিল্প পার্কের কাজ শুরু, উপজেলা পর্যায়ে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ এবং বগুড়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার বহুমুখী কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। বছরে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উদ্বৃত্ত খাদ্য উৎপাদনকারী এই জেলাটি দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুষম উন্নয়নের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যানের মাধ্যমে রাজনৈতিক ভেদাভেদ ভুলে বগুড়াসহ দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *