ওয়ান নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাজেক থানাধীন গঙ্গারাম বাজার এলাকায় স্থানীয় সাধারণ মানুষকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সদস্যদের প্রায় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিডিএফের এই আকস্মিক অবরোধের কারণে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সেখানে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। সকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলে অবরোধকারীরা বাধা সৃষ্টি করে এবং একপর্যায়ে আলোচনা চলাকালেই তারা অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষার্থে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি ছুড়লে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে কোনো ধরনের হতাহত ছাড়াই তিন হাজার পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানে কোণঠাসা হয়ে পড়া ইউপিডিএফ পূর্বপরিকল্পিতভাবেই পর্যটন এলাকায় এই সহিংসতা চালিয়েছে, যা পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা এবং পর্যটন শিল্পের জন্য গভীর উদ্বেগজনক; তবে যেকোনো মূল্যে ওই অঞ্চলের সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

