অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করেছে বিজিবি

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

সীমান্তে যে কোন অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের প্রতিটি এলাকায় সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিজিবির টহলের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানালেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের মুজিবনগর বিওপি ক্যাম্পের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ কোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। সীমান্তের প্রতিটি এলাকা ২৪ ঘণ্টা নজরদারির আওতায় রাখা হয়েছে। কোনো এলাকাকে কম বা বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। সব সীমান্তেই সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তের দেড়শ গজের মধ্যে তিন ফুটের বেশি উচ্চতার ফসল উৎপাদন করতে দেওয়া হবে না। এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার কৃষকদের সচেতন করা হচ্ছে। কারণ, নির্ধারিত সীমার মধ্যে উঁচু ফসল থাকলে সীমান্তের নিরাপত্তা ও নজরদারিতে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সীমান্তের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *