বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘অপ্রিয় সত্য’ তুলে ধরে খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তালিকা আকারে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই পোস্টটি শেয়ার করেন।
পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
১। আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলব। আপনি এখন ক্ষমতায়। তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না। অনেকেই সংকোচবোধ করবে। কেউ কেউ ভয় পাবে।
২। মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয়। অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেকেই হেয়-প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি—শেষ পর্যন্ত কোন কিছুই তাদের রক্ষা করতে পারে নাই। ইদানিং দেখছি আপনাকে এবং আপনার পরিবারকে নিয়েও একই কাজ করা হচ্ছে। কে করছে, কেন করছে—আপনিই ভালো বলতে পারবেন।
৩। যেমন—জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার দাবি, আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে অভিনন্দন প্রস্তাব, সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের প্রোটোকল প্রদান, সংসদে ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনা, রাষ্ট্রীয় পুরস্কার প্রদান সংক্রান্ত বিষয়, ক্রীড়া সংস্থায় রাজনৈতিক প্রভাব, পায়ে ধরে সালাম করার মতো ঘটনা ইত্যাদি।
৪। তবে আপনি কিছু ব্যতিক্রমী উদাহরণও দেখিয়েছেন—সাধারণ পোশাক পরিধান, প্রোটোকল কম ব্যবহার, হেঁটে চলাফেরা, বিদ্যুৎ সাশ্রয়, সময়মতো অফিসে যাওয়া এবং ছুটির দিনেও কাজ করা।
৫। গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ আর তোষামোদ দেখতে চায় না; তারা কাজ দেখতে চায়। যে যত বেশি কর্মক্ষম ও সৎ, সে তত বেশি গ্রহণযোগ্য হবে। জটিল সমস্যার সমাধান করতে পারলে জনপ্রিয়তা আসবে, না পারলে মানুষ মুখ ফিরিয়ে নেবে।
৬। পরিবারকেন্দ্রিক একনায়কতন্ত্র নতুন প্রজন্ম পছন্দ করে না। তাদের কাছে যোগ্যতাই প্রধান বিবেচ্য। পরিবারের সদস্যদের কৃত্রিমভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা জনমনে ক্ষোভ তৈরি করতে পারে।
৭। আপনাকে এসব কথা বলার আমার ব্যক্তিগত প্রয়োজন নেই। তবে আপনি দেশের প্রধানমন্ত্রী এবং একজন পাবলিক ফিগার—সেই হিসেবে আপনাকে সমালোচনা বা আলোচনার অধিকার সবারই আছে।
৮। কথায় ও কাজে মিল থাকা বড় একটি গুণ। প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে বিচ্যুতি হলে ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে—এ বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানানো হয়েছে।
৯। আমরা সব সময় ভালো কাজের পক্ষে এবং জনবিরোধী কাজের বিপক্ষে। আপনি ভালো ও সুস্থ থাকুন—এই প্রত্যাশা।

