পিএসজি শিবিরে স্বস্তির খবর। চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ফিরতি লেগের আগে দলে ফিরলেন ফরাসি তরুণ তারকা ব্র্যাডলি বার্কোলা। লিভারপুলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস এনরিকে।
গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচ চলাকালীন গোড়ালির লিগামেন্টে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন ২৩ বছর বয়সী এই উইঙ্গার। চোটের কারণে পিএসজির হয়ে শেষ তিনটি ম্যাচসহ জাতীয় দলের জার্সিতে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে খেলা হয়নি তার। অবশেষে এক মাস পর পূর্ণ ফিট হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। ফিরতি লেগে মঙ্গলবার অ্যানফিল্ডে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে তারা। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে দারুণ ছন্দে থাকা বার্কোলা ৩৮ ম্যাচে ১২টি গোলের পাশাপাশি করেছেন ৬টি অ্যাসিস্ট। তার ফেরায় লিভারপুলের বিপক্ষে ম্যাচে এনরিকের আক্রমণের ধার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

