ওয়ান নিউজ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে এই জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, এবারের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারপতি ও বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। মুসল্লিদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই ঈদগাহ ময়দানে এবার ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা জুড়ে বিশেষ প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। পুরো মাঠে মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে সাধারণ পুরুষদের জন্য ৬৫টি এবং নারীদের জন্য ৫০টি কাতার থাকবে। এছাড়া ২৫০ জন ভিআইপি পুরুষ এবং ৮০ জন ভিআইপি নারীর জন্য আলাদা আসন ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহে সুশৃঙ্খল যাতায়াতের জন্য ৩টি দৃষ্টিনন্দন ফটক নির্মাণসহ মোট ৪টি প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১টি ভিআইপি, ২টি সাধারণ পুরুষ এবং ১টি নারীদের জন্য নির্ধারিত থাকবে। নামাজ শেষে বের হওয়ার জন্য রাখা হয়েছে আরও ৭টি ফটক।
মুসল্লিদের সুবিধার্থে ওজুখানায় একসঙ্গে ১৪০ জন (১১৩ জন পুরুষ ও ২৭ জন নারী) ওজু করার সুযোগ পাবেন। গরম ও বৃষ্টি থেকে সুরক্ষায় ওয়াটারপ্রুফ সামিয়ানা, পর্যাপ্ত ফ্যান, এসি ও লাইটিংয়ের পাশাপাশি পুরো মাঠে কার্পেট বিছানো হয়েছে। এছাড়াও বিশুদ্ধ খাবার পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার পাশাপাশি ফায়ার সার্ভিসের বিশেষ অগ্নিনির্বাপণ দলও পুরো সময় মাঠে নিয়োজিত থাকবে।

