রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার মুজাবর্নী প্রধান পাড়া গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ আল আবিদ (৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল আবিদ ওই গ্রামের মোঃ মাহফুজুর রহমান ওরফে মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনের পুকুর থেকে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ধারণা, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

