ওয়ান নিউজ ডেস্ক | ঢাকা
ভূমিসেবা খাতে দীর্ঘদিনের দুর্নীতি ও ভোগান্তি কমাতে সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষ যাতে দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে ভূমিসেবা পেতে পারে, সে লক্ষ্যেই ডিজিটাল পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতকে আরও আধুনিক, জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা চালু হলে জনগণকে আর দালালচক্র, দুর্নীতি বা অযথা হয়রানির মুখোমুখি হতে হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।
এর আগে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, জনগণের মধ্যে ভূমি ব্যবস্থাপনা নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা দূর করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো ভূমিসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করা।
মেলায় নাগরিকদের অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সচেতন করা, ঘরে বসে অনলাইনে ভূমিসেবা পাওয়ার ধারণা দেওয়া, তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তি এবং ভূমি উন্নয়ন কর আদায়ে উৎসাহিত করার মতো বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে।
এছাড়া ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল সিস্টেম ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করাও মেলার অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে এই ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে।

