ওয়ান নিউজ ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের রায় কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পলাতক আসামিরা যেন সম্পদ হস্তান্তর বা বিক্রয় করে রায় নিষ্ফল করতে না পারে, সেজন্য অবিলম্বে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে শহীদ পরিবার ও ভিক্টিমদের ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের অনুরোধ জানিয়ে আজই চিঠি পাঠানো হচ্ছে। গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এই দুই শীর্ষ আসামিকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল। এছাড়া চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনালের অন্যান্য রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে; যার মধ্যে গত ১৫ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওবায়দুল কাদেরসহ পাঁচজনের অর্ধেক সম্পত্তি এবং গত ২৯ অক্টোবর কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহবুব উল আলম হানিফসহ চার আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার রায় রয়েছে।

