ওয়ান নিউজ ডেস্ক
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে ঘিরে টানা অস্থিরতার মুখে পড়েছে। নিয়োগ ঘোষণার পাঁচ দিন পার হলেও চলমান আন্দোলনের কারণে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।
বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে গত রোববার আন্দোলনকারী শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনায়। এতে অন্তত ২৩ জন আহত হন বলে জানা গেছে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মামলা দায়ের করে।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, ভিসি নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে যোগ দিতে পারেননি। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, তিনি প্রশাসনিক দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, “শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে ক্যাম্পাসে প্রবেশের পরিকল্পনা রয়েছে।”
যদিও বর্তমানে বড় ধরনের সংঘর্ষের ঘটনা নেই, তবুও ডুয়েটে প্রশাসনিক অচলাবস্থা ও অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

