ঢাকায় যাচ্ছে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, দাম উঠেছে লাখে

ঢাকায় যাচ্ছে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, দাম উঠেছে লাখে

ওয়ান নিউজ ডেস্ক: কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারের গোলাপি রঙের বিশাল আকৃতির মহিষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এই এলবিনো মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, আর সেই নাম ঘিরেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত একটি অ্যাগ্রো ফার্মে থাকা ব্যতিক্রমী এই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে মহিষটি বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে এটি রাজধানীতে নিয়ে যাওয়া হবে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এর অস্বাভাবিক গোলাপি আভাযুক্ত গায়ের রং এবং মাথার সামনের চুলের স্টাইল দেখে অনেকেরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মনে পড়ে। সেখান থেকেই মজার ছলে এর নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

তিনি আরও বলেন, মহিষটির জনপ্রিয়তা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর। এখন অনেকেই শুধু এই পশুটি এক নজর দেখতে খামারে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার ছোট শিশুরা কাছে গিয়ে আদরও করছে।

খামার সূত্রে জানা গেছে, বিশেষ যত্নে বড় করা হয়েছে মহিষটিকে। প্রতিদিনের খাবারে রয়েছে ঘাস, ভুট্টা, ভুসি এবং পুষ্টিকর খাদ্যের বিশেষ মিশ্রণ। স্বভাবেও এটি অত্যন্ত শান্ত।

খামারের কর্মচারীরা জানান, দর্শনার্থীদের মধ্যে অনেকেই এসে প্রথমেই জানতে চান— ‘ট্রাম্প কোথায়?’ ব্যতিক্রমী নাম ও রঙের কারণে এটি এখন পুরো এলাকার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, এলবিনো বৈশিষ্ট্যের কারণে এমন রঙের প্রাণী সচরাচর দেখা যায় না। ফলে স্বাভাবিকভাবেই এটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার খামারগুলোতে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলেও জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *