দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বড় বিনিয়োগের ঘোষণা

দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বড় বিনিয়োগের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও গুণগত উন্নয়নে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যেই সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, অতীত সময়ে শিক্ষা খাতে বিনিয়োগ জিডিপির দেড় শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা বিবেচনায় বর্তমান সরকার এ খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

ড. এহছানুল হক মিলন বলেন, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। তিনি অভিযোগ করেন, আগের সরকার ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি এবং সেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতার ঘাটতি ছিল।

তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

ড. মাহদী আমিন বলেন, শিক্ষকতা পেশার সামাজিক মর্যাদা আরও বাড়াতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *