পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, আজকের আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাস, ট্রাকসহ সব ধরনের পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে পরবর্তী বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এদিকে পরিবহন মালিকদের সংগঠন বলছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের দামের ঊর্ধ্বগতির কারণে খাতটি এখন বাড়তি চাপের মধ্যে রয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি উল্লেখযোগ্যভাবে বাড়ায় পরিচালন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে।

তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে পরিবহন খাত সচল রাখতে দ্রুত বাস্তবসম্মত ভাড়া নির্ধারণ প্রয়োজন।

এর আগে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে একটি বৈঠক হয়। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো একটি প্রাথমিক প্রস্তাব তৈরি করে, যা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। বর্তমানে নতুন দামে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হচ্ছে।

বর্তমানে দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্তে এই ভাড়ায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *