ডেস্ক রিপোর্ট:
দেশে প্রাথমিক শিক্ষার পরিধি বাড়িয়ে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে এই শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বিষয়ক ওই আয়োজনের উদ্যোগ নেয় গণসাক্ষরতা অভিযান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে তা অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তিনি জানান, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, এই পরিকল্পনা একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে শিক্ষা ব্যবস্থার মান বজায় রেখে বিস্তৃতি ঘটানো যায়।
অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

