ওয়ান নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের চরম আত্মত্যাগের বিনিময়েই দেশে স্বৈরাচারের পতন ঘটে গণতন্ত্র ও মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন থানাধীন গাজীরটেক গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাসভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের আবাসন, আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি নবনির্মিত বসতবাড়ির চাবি, আর্থিক সহায়তার চারটি চেক এবং দশটি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৩ আসনের সাংসদ চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছাসহ স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

