ওয়ান নিউজ ডেস্ক
বগুড়া পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৩৮) নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে সহকর্মীরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ লাইন্সের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান তারা।
সন্দেহ হলে জানালা দিয়ে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত কোনো পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঋণসংক্রান্ত মানসিক চাপের বিষয়টি তদন্তে উঠে আসছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর পুলিশ লাইন্সে শোকের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীদের অনেকেই আরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

