জনভোগান্তি কমিয়ে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর নির্দেশ
ওয়ান নিউজ ডেস্ক:
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যেন বাজেটের প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচকভাবে না পড়ে। একইসঙ্গে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্পখাতে সহায়তা ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও জোর দেওয়া হয়েছে।
বৈঠকে রপ্তানি খাত সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নীতি গ্রহণ এবং খাতভিত্তিক বন্ড সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে পৃথক কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানা গেছে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান গণমাধ্যমকে জানান, বাজেটের মূল লক্ষ্য থাকবে উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা এবং কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি সাধারণ মানুষের ওপর করের চাপ যেন বাড়তি বোঝা না হয়ে দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বৈঠকে ধনীদের ওপর সম্পদ কর বাড়ানোর বিষয়ে ইতিবাচক মত দেওয়া হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সাধারণ মানুষের ব্যবহৃত খাতে নতুন কর আরোপে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বেভারেজসহ কিছু পণ্যে অতিরিক্ত কর না বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সরকারি সূত্রগুলোর মতে, নতুন অর্থবছরের বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

