নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে তৃতীয় দফায় আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে এ জ্বালানি তেল গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা কাজী রবিউল আলম। তিনি জানান, গত ২০ এপ্রিল রাত থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে তা বাংলাদেশে পৌঁছে।
এর আগে চলতি মাসেই আরও দুটি চালানে যথাক্রমে ৮ হাজার ও ৫ হাজার টন ডিজেল এসেছে। সব মিলিয়ে এপ্রিল মাসে এখন পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে মোট ১৩ হাজার টন জ্বালানি দেশে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে মোট ৩৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এপ্রিল মাসে চার দফায় মোট ২৫ হাজার টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে।
পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর পর এসব জ্বালানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

