মধ্যরাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে কিয়েভ, হতাহত বহু

মধ্যরাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে কিয়েভ, হতাহত বহু

ওয়ান নিউজ ডেস্ক:
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় আবারও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবার গভীর রাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের বিভিন্ন এলাকা। হামলায় অন্তত একজন নিহত এবং ২১ জন আহত হওয়ার খবর জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো।

ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, রাশিয়া রাজধানীকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক হামলা চালিয়েছে। এতে আবাসিক ভবন, শিক্ষার্থী হোস্টেল, শপিংমল ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করে জানিয়েছিল, রাশিয়া শক্তিশালী মধ্যপাল্লার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। পরে কিয়েভের প্রশাসন নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দা সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। একই ধরনের সতর্কতা দিয়েছিল যুক্তরাষ্ট্রও।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। রাশিয়ার দাবি, ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে বহু শিশু নিহত হয়েছে। তবে কিয়েভ সেই অভিযোগ অস্বীকার করেছে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি এভাবে চলতে থাকলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *