ওয়ান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান চালায়, তবে তার জবাব নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত আনুষ্ঠানিক এক বৈঠকে তিনি সামরিক বাহিনীকে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার নির্দেশ দেন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান সরকার পতনের ‘ঐতিহাসিক’ সুযোগের মন্তব্যের প্রেক্ষাপটেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামিসহ শীর্ষ কমান্ডারদের প্রতি ‘আমেরিকান ও জায়নবাদী শত্রুদের’ দৃশ্যমান ও অদৃশ্য সব সম্পদকে অন্তর্ভুক্ত করে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকা আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন মোজতবা খামেনি। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে কাতারের মধ্যস্থতাকারীদের তেহরান সফর এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠির বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নাকচ করে দিয়েছেন।

