কোচিং সেন্টার বন্ধে সরাসরি ক্ষমতা নেই সরকারের
ওয়ান নিউজ ডেস্ক:
কোচিং সেন্টারগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত বা স্বীকৃত প্রতিষ্ঠান নয় বলে সেগুলো সরাসরি বন্ধ করার ক্ষমতা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষাব্যবস্থা আরও কার্যকর ও মানসম্মত হলে ভবিষ্যতে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীরা মূলত শ্রেণিকক্ষে পর্যাপ্ত ও গুণগত পাঠদান না পাওয়ার কারণেই কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। স্কুল ও কলেজে পাঠদানের মান উন্নত করা গেলে এবং পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘ বিরতি কমানো সম্ভব হলে কোচিংয়ের চাহিদাও ধীরে ধীরে কমে আসবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সরকার ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা বা ‘ইন-হাউজ কোচিং’ পদ্ধতিকে গুরুত্ব দিতে চায়। এতে শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকেই প্রয়োজনীয় সহায়তা পাবে এবং বাইরের কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমবে।
কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ ধরনের অনিয়ম রোধে নজরদারি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে তিনি মন্তব্য করেন, বিষয়টি নিয়ে অতীতে অনেক কিছু অগোচরেই থেকে গেছে।
সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করতে বিভিন্ন সংস্কার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

