মুক্তির আগেই জটিলতায় মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

মুক্তির আগেই জটিলতায় মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

অভিযোগের পর সেন্সর সনদ বাতিল, আইনি লড়াইয়ের ইঙ্গিত নির্মাতার

ওয়ান নিউজ ডেস্ক:
মুক্তির আগ মুহূর্তে জটিলতায় পড়েছে প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। একজন সহ-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ছবিটির সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বিষয়টি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, অভিনয়শিল্পী জেবা জান্নাত লিখিত অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তির অনুমতি স্থগিত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, শুরুতে এটি নাটক বা টেলিফিল্ম হিসেবে নির্মাণের কথা বলা হলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো চুক্তিপত্রও হয়নি বলে দাবি করেন ওই অভিনেত্রী।

এদিকে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর বিষয়টিকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কাগজ হাতে পাননি। তবে সেন্সর বাতিলের বিষয়টি সত্য হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তার দাবি, সিনেমাটির পেছনে ইতোমধ্যে কয়েক কোটি টাকা বিনিয়োগ হয়েছে। মুক্তির ঠিক আগে এমন সিদ্ধান্তে তিনি ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান। প্রয়োজনে উচ্চপর্যায়েও যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতা।

অন্যদিকে অভিনেত্রী মৌসুমীও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিওবার্তায় তিনি জানান, শুরুতে তাকে ছোট পরিসরের একটি নাটকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেটি টেলিফিল্ম আকারে নির্মাণের কথা বলা হয়। কিন্তু হঠাৎ সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে তিনি অবাক হয়েছেন বলে জানান।

জানা গেছে, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিতে মৌসুমী, জেবা জান্নাত ছাড়াও নির্মাতা হাসান জাহাঙ্গীর অভিনয় করেছেন। তবে সেন্সর জটিলতার কারণে এখন ছবিটির মুক্তি অনিশ্চয়তার মুখে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *