কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত

ওয়ান নিউজ ডেস্ক:

কুষ্টিয়া শহরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত করেছেন এক তরুণ। এতে গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন।

আহত ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। পরিবার নিয়ে থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় থাকে সে। পুলিশ জানায়, সোমবার দুপুরে স্কুলের টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফেরে ওই ছাত্রী। দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাসার গেইটের সামনে দাঁড়িয়ে কলবেল চাপছিল সে।

এ সময় পেছন থেকে এক তরুণ ধারালো ছুরি দিয়ে তাকে একের পর এক আঘাত করেন। ছুরির আঘাত ঠেকাতে হাত দিয়ে চেষ্টা করার পাশাপাশি চিৎকার করতে থাকে সে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যান ওই তরুণ। কিছুক্ষণ পর বাসার সামনেই লুটিয়ে পড়ে ছাত্রীটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আপাতত সে শঙ্কামুক্ত।

ছাত্রীর বাবার অভিযোগ, এক তরুণ বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তার মেয়েকে বিরক্ত করতেন। এ ঘটনায় তিনি হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, ওই ছাত্রী বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের একজন। তার ওপর হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করেছে। ভিডিও দেখে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *