ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে ব্যবধান কমাল গার্দিওলার দল
ওয়ান নিউজ ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন উত্তেজনা ছড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে চাপ বাড়িয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
গুরুত্বপূর্ণ এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র দুই পয়েন্টে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে মৌসুমের শেষভাগে শিরোপা নির্ধারণের লড়াই আরও জমে উঠেছে।
ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতির ফুটবল খেললেও ধীরে ধীরে পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সিটি। মাঝমাঠে ফিল ফোডেনের সৃজনশীল ফুটবল আক্রমণে গতি এনে দেয়। তার চমৎকার ব্যাকহিল পাস থেকে প্রথম গোলটি করেন অ্যান্তেনিও সেমেনো।
এরপর আবারও ফোডেনের তৈরি করা আক্রমণ থেকে ব্যবধান বাড়ান ওমর মারমুশ। দুর্দান্ত এক টার্ন নিয়ে নেওয়া শটে গোল করে দলকে স্বস্তি এনে দেন তিনি।
অন্যদিকে ম্যাচে কয়েকটি সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ক্রিস্টাল প্যালেস। বিশেষ করে টাইরিক মিচেলের জোরালো শটটি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।
ম্যাচের শেষদিকে সাভিনহোর গোল সিটির বড় জয় নিশ্চিত করে। পুরো ম্যাচজুড়েই বলের দখল, আক্রমণ এবং গতিময় ফুটবলে আধিপত্য দেখিয়েছে গার্দিওলার দল।
এফএ কাপ ফাইনালের কথা মাথায় রেখে এদিন আর্লিং হালান্ড, জেরেমি ডোকুসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখেও জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে সিটির শিবিরে।
এদিকে সিটির এই জয়ের পর শিরোপা দৌড়ে এখন বাড়তি চাপ আর্সেনালের ওপর। মৌসুম শেষের আগে প্রতিটি ম্যাচই তাই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।

