স্ত্রীর মনোনয়ন ঘিরে সমালোচনায় প্রতিক্রিয়া জানালেন জিল্লুর রহমান

স্ত্রীর মনোনয়ন ঘিরে সমালোচনায় প্রতিক্রিয়া জানালেন জিল্লুর রহমান

ডেস্ক রিপোর্ট:

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়া নিজের স্ত্রী ফাহমিদা হককে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ফাহমিদা হকের এই মনোনয়ন হঠাৎ কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনপরিসরে সক্রিয় ভূমিকার স্বাভাবিক ধারাবাহিকতা।

জিল্লুর রহমান জানান, ফাহমিদা হক দীর্ঘ সময় ধরে লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণমূলক আলোচনায় যুক্ত আছেন। দেশের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তার যোগাযোগ এবং বাস্তব অভিজ্ঞতা তাকে জনজীবন ও রাজনীতির প্রতি আগ্রহী করে তুলেছে।

তিনি মনে করেন, সংসদ সদস্য হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ সেই ধারাবাহিক পথচলারই একটি নতুন অধ্যায়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ফাহমিদা হক সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন এবং জাতীয় সংসদে ইতিবাচক ভূমিকা রাখবেন।

নিজের পেশাগত অবস্থান প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, সাংবাদিকতা, বিশ্লেষণ ও টকশো উপস্থাপনার মতো তার দীর্ঘদিনের পেশাগত কাজ স্বাধীনভাবেই চলবে। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত সম্পর্ক কখনোই পেশাগত নিরপেক্ষতায় প্রভাব ফেলবে না।

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন ভূমিকায় থাকতে পারেন, তবে পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি।

স্ত্রীর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে তিনি জানান, নিজেও আগের মতোই নীতি-আলোচনা ও সাংবাদিকতায় স্বাধীনতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

উল্লেখ্য, ফাহমিদা হক বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সিজিএসের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যুক্ত আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *