হাসপাতালে নেওয়া হলো বেনিয়ামিন নেতানিয়াহুকে

হাসপাতালে নেওয়া হলো বেনিয়ামিন নেতানিয়াহুকে

ওয়ান নিউজ ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানী তেল আবিবের একটি মেডিকেল সেন্টারে তাকে নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার হাসপাতালে যাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কিত কিছু তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখা হয়েছে—এমন অভিযোগও উঠেছে। এতে তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে দেশটিতে নানা জল্পনা তৈরি হয়েছে।

গত মাসে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, প্রোস্টেটে ক্যানসারজনিত টিউমারের কারণে তার সফল অস্ত্রোপচার হয়েছে। তবে রোগ শনাক্ত হওয়ার সময়, চিকিৎসা শুরুর তারিখ বা চিকিৎসার বিস্তারিত বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

এ বিষয়ে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত নথি নিয়েও প্রশ্ন ওঠে। প্রতিবেদনে সীমিত তথ্য থাকায় এবং আনুষ্ঠানিক চিকিৎসা সংক্রান্ত কিছু বিষয় স্পষ্ট না হওয়ায় সমালোচনার মুখে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং পরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারও করা হয়।

পেসমেকার বসানোর সময়ও তার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে চিকিৎসকেরা স্বীকার করেন, হাসপাতালে থাকার সময় তার হৃদযন্ত্রের পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। যদিও চিকিৎসকরা দাবি করেন, তার হৃদযন্ত্রের সামগ্রিক অবস্থা স্বাভাবিক ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *