ওয়ান নিউজ ডেস্ক:
আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারা দেশে অনলাইন জুয়া, মাদক ও অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি বলেন, যুবসমাজকে রক্ষা এবং সামাজিক অবক্ষয় রোধে এই অভিযান পরিচালনা করা হবে। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-পরিচয় পরিবর্তন করে আবার কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। যুবসমাজকে এসব ক্ষতিকর কার্যক্রম থেকে দূরে রাখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

