আকভানের প্রভাবে মেহেরপুরে ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

আকভানের প্রভাবে মেহেরপুরে ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেহেরপুরে শুরু হওয়া তিন দিনের বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিশেষ করে নিন্ম আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। একদিকে সাপ্তাহিক ছুটি অন্যদিকে বৃষ্টিতে মানুষের চলাচল কমে যাওয়ায় যাত্রী সংকটে পড়েছেন ভ্যান, ইজিবাইক ও রিকশাচালকেরা। পাশাপাশি দমকা হাওয়া আর বৃষ্টিতে আমন ধান, মাসকলাই, পেঁয়াজ ও অন‍্যান‍্য সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

সরেজমিনে মেহেরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি ও হাওয়ার কারণে মানুষের আনাগোনা তুলনামূলক কম। ফলে অনেকটা ফাঁকা দেখা গেছে শহরের সড়কগুলো। সকালে বিভিন্ন গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে এসে কাজ না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে অনেক শ্রমিককে। অন্যদিকে যাত্রী না পেয়ে শহরের বিভিন্ন স্থানে ভ্যান, ইজিবাইক ও রিকশাচালকদের অলস সময় কাটাতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের অনেককেই ছাতা মাথায় চলাচল করতে দেখা যায়। বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের।

শহরে আসা এক পথচারী বলেন, বৃষ্টি শুরু হওয়ায় বাইরে চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে। পাশাপাশি শীতও অনুভূত হচ্ছে। মনে হচ্ছে, বৃষ্টি থামলে শীত পুরোদমে জেঁকে বসবে। বৃষ্টির কারণে সব শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগের শেষ নেই।

শহরের বাসস্ট‍্যান্ড এলাকায় ইজিবাইক চালক শিপন ও রিকশাচালক সেন্টু বলেন, সাধারণত মানুষ বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হলে যাত্রী বেশি পাওয়া যায় এবং ভাড়াও তুলনামূলক ভালো হয়। একদিকে শুক্র-শনি সরকারি ছুটি অন‍্যদিকে বৃষ্টি হওয়ায় মানুষের আনাগোনা কম। ফলে যাত্রী পাওয়া যাচ্ছে না। তেমন কোনো যাত্রী না পাওয়ায় অলস সময় কাটাতে হচ্ছে। এতে আয়-রোজগার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা।

এদিকে স্থানীয় চাষীদের সাথে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে আমন ধান, মাসকলাই ও সবজির। টানা বৃষ্টি ও বাতাসের কারণে অনেক জমির ধান পড়ে গেছে। এতে বাড়তি লোকসানও গুনতে হবে। ফসল ফলাতে গিয়ে চাষিরা নাজেহাল, অন্যদিকে সবকিছুর দামও বৃদ্ধি পেয়েছে। তবে প্রকৃতির যে ক্ষতি তা কাটিয়ে উঠতে বড় ধরণের বেগ পেতে হবে বলে জানান তারা।

আমন ধান চাষি কাজল বলেন, সারা দেশের ন্যায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাব আমাদের মেহেরপুর জেলাতেও পড়েছে। মাঠে অনেক ধান কাটা হয়েছে, অনেক ধান কাটা হয়নি। যে ধানগুলো কাটা পড়ে রয়েছে সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি। এছাড়াও মাসকলাই রয়েছে। সব মিলিয়ে ক্ষতির আশঙ্কায় ভুগছি।

তিনি আরও বলেন, মাঠ ভর্তি এখন পাকা আমন ধান। প্রতিটি চাষি দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এভাবে বৃষ্টি ও বাতাস লেগে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

মাসকলাই চাষি নাসির উদ্দিন বলেন, মাসকলাই কেটে আর ঘরে তুলতে পারিনি, এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সব কালাই মাঠে পড়ে রয়েছে। অনেকে কালাই মাড়াই করার জন্য রাস্তায় তুলেও রেখেছে। হঠাৎ এমন বৃষ্টিতে সব ভেস্তে গেছে। কী পরিমাণ ক্ষতি হবে বুঝতে পারছি না। চাষি প্রতিনিয়ত ধাক্কা খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। কালাইয়ের মধ্যে পানি জমে গেলে কষ্টের সীমা থাকবে না।

মেহেরপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে ১ হাজার ৬শ ১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

মেহেরপুর জেলা কৃষি কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে জেলার ১ হাজার ৬শ ১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এখনো তথ্য সংগ্রহ চলছে। সব তথ্য সংগ্রহ করা হলেই জানা যাবে মোট আক্রান্তের পরিমাণ। তবে এমন আবহাওয়া দীর্ঘমেয়াদি হলে ফসল ক্ষতিগ্রস্ত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *