ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো দলের সাংগঠনিক নেতাদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হবে।
দীর্ঘ বিরতির পর এ আয়োজনের মধ্য দিয়ে আবারও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হচ্ছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে।
সভায় বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। দলীয় মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। জেলা পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতিও তুলে ধরবেন।
এছাড়া সরকারের গত কয়েক মাসের বিভিন্ন কার্যক্রম এবং বাস্তবায়নাধীন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হতে পারে বলেও জানা গেছে।
এর আগে শুক্রবার সভাস্থল পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, এ আয়োজনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।

