দেশীয় খামারিদের পশুতেই পূরণ হবে চাহিদা, প্রস্তুত প্রায় এক কোটি প্রাণী
ওয়ান নিউজ ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশু নিয়ে কোনো ধরনের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবারের কোরবানির বাজারের চাহিদা পূরণ সম্ভব হবে।
বৃহস্পতিবার (১৪ মে) সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, দেশে বর্তমানে প্রায় এক কোটি গরু, ছাগল ও ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা চাহিদার তুলনায়ও বেশি। ফলে বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন পড়বে না। একইসঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সভায় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষকবান্ধব নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
গবাদিপশু পালনে খরচ কমানো এবং উন্নতমানের ঘাস উৎপাদনে গবেষণার অগ্রগতির বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে আধুনিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

